সোহেল রানা,স্টাফ রিপোর্টার :
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা-এর বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) দিবাগত গভীর রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০), ছেলে পারভেজ হোসেন (১০) এবং মেয়ে সাদিয়া খাতুন (৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে হাবিবুর রহমান ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করে। এছাড়া তাদের দুই শিশু সন্তানকে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়।
মঙ্গলবার সকালে পরিবারের অন্য সদস্যরা ঘরের সামনে রক্ত দেখে সন্দেহ করেন। পরে ঘরের ভেতরে প্রবেশ করে চারজনের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে তারা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে আসে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত ডাকাতি বা লুটপাটের ঘটনা। জানা গেছে, হাবিবুর রহমান সম্প্রতি গরু বিক্রি করে নগদ টাকা বাড়িতে এনেছিলেন। দুর্বৃত্তরা ওই টাকা ও স্বর্ণালংকার লুট করে এবং পরে পরিচয় ফাঁসের আশঙ্কায় পরিবারের সবাইকে হত্যা করে থাকতে পারে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং জনমনে আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
🔴 এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
দৈনিক চেতনার কন্ঠ