এস এম পারভেজ তালুকদার, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুর উপজেলার ৪ নং মশিন্দা ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায়, হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে ভিজিএফের (ভালনারেবল গ্রুপ ফিডিং) চাউল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল থেকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই চাউল বিতরণ কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ৪ নং মশিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল বারী। তিনি অসহায় মানুষের হাতে ১০ কেজি করে চাউল তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলার ট্যাগ অফিসার মোঃ বজলুর রহমান। এছাড়াও ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সকল ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাম পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকারের পক্ষ থেকে দরিদ্র মানুষের সহায়তায় ভিজিএফ কর্মসূচির আওতায় এই খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। যাতে অসহায় পরিবারগুলো ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে পারে এবং স্বস্তির সাথে ঈদ উদযাপন করতে পারে।
চেয়ারম্যান মোঃ আব্দুল বারী বলেন, “সরকারের দেওয়া এই সহায়তা সঠিকভাবে প্রকৃত সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা হচ্ছে। ইউনিয়নের কোনো অসহায় মানুষ যেন খাদ্য সংকটে না থাকে, সে বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।”
জানা যায়, মশিন্দা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ২ হাজার ৪৫ জন সুবিধাভোগীর মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাউল বিতরণ করা হয়। পুরো কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।
দৈনিক চেতনার কন্ঠ