প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 23, 2026 ইং
রাজশাহীর বাঘায় সড়ক দূর্ঘটনায় উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তার মৃত্যু

সোহেল রানা, স্টাফ রিপোর্টার :
রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় উপজেলার চন্ডিপুর বাজারসংলগ্ন এলাকায় উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুর রশিদ (৫৭) নিহত হয়েছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আবদুর রশিদ বাঘা পৌরসভার বানিয়াপাড়া গ্রামের আবদুল গনির ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আবদুর রশিদ উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল থেকে মোটরসাইকেলে চন্ডিপুর গ্রামে গরুর চিকিৎসার জন্য যান। সেখান থেকে ফেরার পথে চন্ডিপুর বাজারসংলগ্ন এলাকায় তাঁর সামনে থাকা ব্যাটারিচালিত অটোভ্যানের পেছনের একটি চাকা খুলে যায়। এতে তাঁর মোটরসাইকেলটি অটোভ্যানে ধাক্কা লাগে এবং তিনি সড়কে ছিটকে পড়েন।
এ সময় তাঁর পেছনে থাকা একটি মাইক্রোবাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে অবস্থার অবনতি দেখা দিলে দায়িত্বরত চিকিৎসক সাজিয়া খান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। হাসপাতালে নেওয়ার পথে আবদুর রশিদের মৃত্যু হয়।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, অফিসকে অবগত করে দুপুরে একটি গরুর চিকিৎসা করতে গিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছেন আবদুর রশিদ।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক(দৈনিক চেতনার কন্ঠ ) কে বলেন, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
© দৈনিক চেতনার কন্ঠ