প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 5, 2026 ইং
কচুয়ায় ৩ নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ফয়সাল চৌধুরীর দোয়া প্রার্থনা

মোঃ রায়হান মিয়া, কচুয়া উপজেলা প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া উপজেলার ৩ নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে মোহাম্মদ ফয়সাল চৌধুরী আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন। তিনি এলাকাবাসীর কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ফয়সাল চৌধুরী পলাশপুর সমাজসেবা ফোরামের প্রতিষ্ঠাতা হিসেবে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। পাশাপাশি তিনি “সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন”-এর সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং রেড রিলেশন যুব সমাজ কল্যাণ সংস্থার সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
বিশেষ করে নিয়মিত রক্তদান কর্মসূচি, অসহায় রোগীদের রক্ত সংগ্রহে সহায়তা, দরিদ্র পরিবারের আর্থিক সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ এবং চিকিৎসা সহায়তাসহ নানা মানবিক কার্যক্রমে তার সরব উপস্থিতি রয়েছে। স্থানীয়দের মতে, সামাজিক সংগঠনের মাধ্যমে মানুষের পাশে থাকার এই ধারাবাহিকতা তাকে সাধারণ মানুষের আস্থাভাজন করে তুলেছে।
প্রার্থিতা ঘোষণা করে ফয়সাল চৌধুরী বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে ৩ নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিকল্পিত ও উন্নয়নমুখী ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করবো। এলাকার উন্নয়ন, স্বচ্ছতা ও সেবার মান নিশ্চিত করাই হবে আমার অঙ্গীকার। এজন্য আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
এদিকে তার প্রার্থিতা ঘোষণাকে ঘিরে এলাকায় সমর্থকদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয়রা মনে করছেন, সমাজসেবামূলক কর্মকাণ্ডে দীর্ঘদিনের অভিজ্ঞতা তার প্রার্থিতাকে আরও শক্তিশালী করবে।
© দৈনিক চেতনার কন্ঠ