প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 5, 2026 ইং
লিবিয়ায় ৪০০ বাংলাদেশির ওপর অমানবিক নির্যাতন, মূলহোতা আশরাফ-বাহার চক্রের বিরুদ্ধে অভিযোগ

অনলাইন ডেস্ক :
লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশি নাগরিককে আটকে রেখে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে একটি মানবপাচার চক্রের বিরুদ্ধে। অভিযোগের তীর কুমিল্লার আশরাফ ও তার ভাই বাহারের নেতৃত্বে পরিচালিত একটি আন্তর্জাতিক মানবপাচার সিন্ডিকেটের দিকে।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে অসহায় তরুণদের বিভিন্ন দেশ ঘুরিয়ে লিবিয়ায় পাচার করা হচ্ছে। সেখানে পৌঁছানোর পর তাদের কাছ থেকে পাসপোর্ট ছিনিয়ে নিয়ে ‘গেম ঘর’ নামে পরিচিত নির্যাতন কেন্দ্রে আটকে রাখা হয়।
বিশ্বস্ত সূত্র জানায়, এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছেন আশরাফের দুই স্ত্রী—মাদারীপুরের রুনা ও বরিশালের সিমু। তারা লিবিয়ায় অবস্থান করে নারী দালাল হিসেবে কাজ করেন এবং নতুন প্রবাসপ্রত্যাশীদের সংগ্রহে সক্রিয় ভূমিকা পালন করেন।
ভুক্তভোগীদের অভিযোগ, লিবিয়ায় নেওয়ার পর পরিবারের সদস্যদের কাছে ফোন করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়। নির্ধারিত টাকা দিতে না পারলে তাদের ওপর চালানো হয় শারীরিক ও মানসিক নির্যাতন।
এ ঘটনায় মানবাধিকার সংগঠনগুলো তীব্র নিন্দা জানিয়েছে এবং দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে ভুক্তভোগীদের দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে।
সংশ্লিষ্টদের মতে, “আশরাফ-বাহার মাফিয়া চক্র” দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মানবপাচার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থেকে গোপনে এই কার্যক্রম চালিয়ে আসছে। তাই মানবপাচার চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।
© দৈনিক চেতনার কন্ঠ