প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 11, 2026 ইং
তানোরে আলুর বাম্পার ফলন, দাম না থাকায় বিপাকে চাষিরা

আরিফুল ইসলাম (আরিফ), রাজশাহী তানোর উপজেলা প্রতিনিধি:
রাজশাহীর তানোর উপজেলায় চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হলেও বাজারে ন্যায্য দাম না থাকায় চরম বিপাকে পড়েছেন কৃষকরা। উৎপাদন ভালো হলেও ন্যায্যমূল্য না পাওয়ায় অনেক আলু চাষি দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
স্থানীয় আলু চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, জমি প্রস্তুত, বীজ, সার, কীটনাশক এবং সেচ খরচ মিলিয়ে আলু উৎপাদনে তাদের ব্যাপক ব্যয় হয়েছে। কিন্তু বর্তমানে বাজারে আলুর দাম কম থাকায় সেই খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে। ফলে অনেক কৃষক ঋণের বোঝা মাথায় নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
চাষিরা জানান, আলু চাষ করতে গিয়ে তারা বিভিন্ন এনজিও ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছেন। কিন্তু উৎপাদিত আলুর সঠিক মূল্য না পাওয়ায় সেই ঋণ পরিশোধ করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।
কৃষকদের ভাষ্য, জমির ভাড়া, কীটনাশক, জৈবসার ও সেচ খরচের হিসাব করলে বর্তমান বাজারদরে আলু বিক্রি করে তারা কোনোভাবেই লাভ করতে পারছেন না। বরং অনেক ক্ষেত্রেই লোকসানের মুখে পড়তে হচ্ছে।
তারা আরও বলেন, সরকার যদি আলু চাষিদের দিকে বিশেষ দৃষ্টি দেন এবং আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন, তাহলে কৃষকরা আবারও ঘুরে দাঁড়াতে পারবেন।
এদিকে বাজারে আলুর দাম কম থাকায় তানোরের অনেক চাষি হতাশায় ভুগছেন। দ্রুত ন্যায্যমূল্য নিশ্চিত করা না হলে কৃষকদের মধ্যে আর্থিক সংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন
© দৈনিক চেতনার কন্ঠ