প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 4, 2026 ইং
তানোরে র্যাবের যৌথ অভিযানে ধরা আন্তঃজেলা ডাকাত চক্রের ‘মাস্টারমাইন্ড’

আকতারুজ্জামান, রাজশাহী, জেলা প্রতিনিধি:
রাজশাহীর তানোরে র্যাবের বিশেষ যৌথ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোরে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কচুয়া নামোপাড়া গ্রামে রাজশাহী র্যাব-৫ ও র্যাব বগুড়া ক্যাম্পের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম অভিযান চালায়। অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে জসিম উদ্দিন জুয়েল (৫০) নামের আন্তঃজেলা ডাকাত দলের সরদারকে আটক করা হয়।
অভিযানকালে তার কাছ থেকে দেশীয় অস্ত্র, একটি পিকআপ ভ্যান, মোবাইল ফোনসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) র্যাব-৫ সূত্রে জানা যায়, জসিম উদ্দিন জুয়েলের বিরুদ্ধে রাজশাহী ও বগুড়াসহ দেশের বিভিন্ন জেলায় অন্তত ১৬টিরও বেশি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে থেকে ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ যৌথ অভিযানে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, র্যাব-৫ এর একটি বিশেষ টিম অভিযান চালিয়ে জসিম উদ্দিন জুয়েলকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে এবং নতুন করে আরও একটি ডাকাতি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
© দৈনিক চেতনার কন্ঠ