প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 8, 2026 ইং
ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে মানববন্ধন

জুনাঈদ আল হাবিব
স্টাফ রিপোর্টার
ফোন: 01608783515
ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে গতকাল ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনার প্রতিবাদে এবং জননিরাপত্তার স্বার্থে স্পিড ব্রেকার (গতিরোধক) স্থাপনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৮ এপ্রিল) বৈরাটি গোরস্থান মাদ্রাসার সামনে এ কর্মসূচি পালন করা হয়। বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ মানববন্ধনে স্থানীয় এলাকাবাসীর পাশাপাশি মাইজবাগ পাঁচপাড়া স্কুল, জামিয়া ইসলামিয়া বৈরাটি গোরস্থান মাদ্রাসাসহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বক্তব্য রাখেন। তারা বলেন, ব্যস্ত এই সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে গতকালের দুর্ঘটনার পর শিক্ষার্থীরা চরম আতঙ্কের মধ্যে রয়েছে।বক্তারা সাফ জানিয়ে দেন, আগামী দুই দিনের মধ্যে বৈরাটি গোরস্থান মাদ্রাসার সামনে কার্যকর স্পিড ব্রেকার স্থাপন করতে হবে। অন্যথায় এলাকাবাসী আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।আন্দোলনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম। তিনি বিক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীদের শান্ত করেন এবং জানান, তাদের দাবিটি যৌক্তিক ও গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। তিনি আশ্বাস দিয়ে বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর গতিরোধক স্থাপনের ব্যবস্থা নেওয়া হবে।বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে তারা পুনরায় কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।
© দৈনিক চেতনার কন্ঠ