প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 11, 2026 ইং
পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জেরে নৃশংস হামলা, মৃত্যুর সাথে লড়ছেন কৃষক

সেলিম হোসেন রুবেল, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মোঃ সবুজ (৪০) নামে এক কৃষকের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।শুক্রবার (১০ এপ্রিল) রাতে উপজেলার শালাইপুর বাজারে সংঘবদ্ধ একটি সশস্ত্র দল এ হামলা চালায়।আহত সবুজ উপজেলার সালাখুর গ্রামের ইয়াছিন আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব বিরোধের জেরে ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সবুজের ওপর হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয় এবং তার হাত-পা ভেঙে দেওয়া হয়। এ সময় বাজারে উপস্থিত লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।অভিযুক্তদের মধ্যে রয়েছেন—সালাখুর (পুকুরপাড়) এলাকার সাজা মিয়ার ছেলে শাকিল (২৫), সুলতানের ছেলে আব্দুর রহিম (২৩), খয়বরের ছেলে হোসেন আলী (২৪), মোজামের ছেলে আলামিন (৩৮), আলমের ছেলে মোমিন (৩৮), মকবুলের ছেলে নূরনবী (৪৭), তার ছেলে আজাদুল (২২), মজিবরের ছেলে সাজা মিয়া (৪৫), গোহারা গ্রামের আলমের ছেলে মাহফুজার (৩৫) এবং বেড়াখাই (হারিপুকুর) গ্রামের আফজলের ছেলে রাসেল (৪০)।পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সবুজকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।অভিযুক্তদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি, ফলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এ বিষয়ে পাঁচবিবি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমায়েদুল জাহেদী বলেন, এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
© দৈনিক চেতনার কন্ঠ