প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 13, 2026 ইং
কচুয়ায় কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী প্রাচীনতম মাটির ঘর

মোঃ রায়হান মিয়া,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
আধুনিকতার ছোঁয়ায় গ্রামবাংলার চিরচেনা ঐতিহ্যবাহী মাটির ঘর এখন প্রায় বিলুপ্তির পথে। এক সময় গ্রামের অধিকাংশ বাড়িই ছিল মাটির তৈরি, কিন্তু বর্তমানে ইট, বালু ও সিমেন্টের দালান ও কাঠের ঘর সেই জায়গা দখল করে নিচ্ছে।কচুয়া উপজেলার ৬ নং উত্তর ইউনিয়নের একসময়ের পরিচিত সেই মাটির ঘরগুলোর অস্তিত্ব এখন কেবল স্মৃতিতে। ৬ নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাড়ির বাসিন্দা শরিফ হোসেন জানান, তার বাবার রেখে যাওয়া মাটির ঘরেই তিনি এখনো বসবাস করছেন, যা তার কাছে শুধুই একটি বসতঘর নয়, বরং আবেগ ও স্মৃতির এক মূল্যবান নিদর্শন।শরীফ হোসেন বলেন, “মাটির ঘরে প্রচণ্ড রোদের তাপেও ভেতরে শীতল ঠান্ডা অনুভূত হয়। তাই এটি বসবাসের জন্য অত্যন্ত আরামদায়ক ও উপযোগী।”স্থানীয়দের মতে, মাটির ঘর পরিবেশবান্ধব, খরচ কম এবং প্রাকৃতিকভাবে শীতল রাখার ক্ষমতা রাখে। তবে রক্ষণাবেক্ষণের ঝামেলা, টেকসই না হওয়া এবং আধুনিকতার প্রভাবে মানুষ এখন কাঠ ঘর ও ইটের দালানের দিকে ঝুঁকছে।
ঐতিহ্য সংরক্ষণের স্বার্থে মাটির ঘরের সংস্কৃতি ধরে রাখা জরুরি। প্রয়োজন সচেতনতা বৃদ্ধি করে যাতে গ্রামবাংলার এই প্রাচীন স্থাপত্য ঐতিহ্য একেবারে হারিয়ে না যায়।
© দৈনিক চেতনার কন্ঠ