প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 3, 2026 ইং
কুড়িগ্রামে জামায়াতের রুকন শিক্ষা শিবিরে-গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি

মোঃ বদরুজ্জামান বিপ্লব কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে আজ ২ মে ২০২৬, শনিবার দিনব্যাপী ‘সদস্য (রুকন) শিক্ষা শিবির’ অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম জেলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত এ শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন।
শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিউর রহমান আকন্দ, মুহাম্মদ দেলাওয়ার হোসেন, ব্যারিস্টার মাহবুল আলম সালেহী এমপি, অধ্যাপক আনোয়ারুল ইসলাম এমপি, মোস্তাফিজুর রহমান মোস্তাক এমপি এবং কুড়িগ্রাম জেলার সাবেক আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন, অনতিবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। তিনি উল্লেখ করেন, প্রায় ৭০ শতাংশ ভোটার এ রায় প্রদান করেছেন। এ বিষয়ে বিলম্ব বা টালবাহানা করা হলে জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, সদস্যদের (রুকন) নৈতিক, সাংগঠনিক ও ব্যক্তিগত মানোন্নয়নে গুরুত্ব দিতে হবে এবং মানুষের ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দিতে হবে। কুড়িগ্রামবাসী চারটি আসনেই জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটকে বিপুল ভোটে বিজয়ী করায় দায়িত্ব আরও বেড়ে গেছে। সমাজকল্যাণমূলক কার্যক্রম জোরদার করে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি সংগঠনের ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে মতিউর রহমান আকন্দ বলেন, ইসলামী আন্দোলনের ইতিহাস ত্যাগ ও কোরবানির ইতিহাস। শহীদ নেতৃবৃন্দের আত্মত্যাগ একদিন ইসলামী সমাজ প্রতিষ্ঠার ভিত্তি হিসেবে কাজ করবে।
© দৈনিক চেতনার কন্ঠ