প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 12, 2026 ইং
রাজশাহীতে ডিবির অভিযানে ৮ মামলার আসামি জাব্বার গ্রেপ্তার, উদ্ধার ট্যাপেন্টাডল ট্যাবলেট

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮টি মাদক মামলার আসামি মো. জাব্বারকে (৪৮) গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় তার কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার জাব্বার রাজশাহী মহানগরীর মতিহার থানার খোঁজাপুর (মোহাব্বতের ঘাট) এলাকার মৃত খোসমাহমুদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ মে দুপুর আনুমানিক পৌনে ৩টার দিকে মতিহার থানার খোঁজাপুর (জাহাজঘাট) এলাকায় ডিবি পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে জাব্বারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আরএমপি জানায়, গ্রেপ্তারকৃত জাব্বারের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় মোট ৮টি মাদক মামলা চলমান রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
© দৈনিক চেতনার কন্ঠ