প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 13, 2026 ইং
ঈশ্বরগঞ্জে ৫ বছরের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

জুনাঈদ আল হাবিব বিজ্ঞাপন ব্যবস্থাপক
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ বছরের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান, সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস এবং ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ভূইয়া মনি। এছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের এই মহতী উদ্যোগ বাস্তবায়নে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
বক্তারা আরও বলেন, একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং অক্সিজেন সরবরাহ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ ও তার যথাযথ পরিচর্যার মাধ্যমে এই কর্মসূচিকে সফল করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
© দৈনিক চেতনার কন্ঠ