ঢাকা | বঙ্গাব্দ

কাঁচামাটিয়া নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • নিউজ প্রকাশের তারিখ : May 7, 2026 ইং
কাঁচামাটিয়া নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
জুনাঈদ আল হাবিব স্টাফ রিপোর্টার 
ফোন:01608783515


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বুক চিরে প্রবাহিত ঐতিহ্যবাহী কাঁচামাটিয়া নদীকে অবৈধ দখল ও দূষণের হাত থেকে রক্ষা এবং নদীর নাব্যতা ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)। বৃহস্পতিবার উপজেলা পরিষদের সামনে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এক সময়ের খরস্রোতা কাঁচামাটিয়া নদী বর্তমানে প্রভাবশালী মহলের অবৈধ দখল, অপরিকল্পিত ভরাট এবং বর্জ্য ফেলার কারণে অস্তিত্ব সংকটে পড়েছে। নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় বর্ষা মৌসুমে আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, যা জনজীবনে চরম দুর্ভোগ ডেকে আনছে।

বক্তারা আরও অভিযোগ করেন, নদীর গতিপথ পরিবর্তন করে বিভিন্ন স্থানে রাস্তা নির্মাণ ও দখল কার্যক্রম চলতে থাকলেও কার্যকর পদক্ষেপের অভাবে পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে কাঁচামাটিয়া নদী একসময় পুরোপুরি বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেও তারা মন্তব্য করেন।

মানববন্ধন শেষে পিএফজি ঈশ্বরগঞ্জ শাখার একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে নদীর সীমানা নির্ধারণ, অবৈধ দখলদার উচ্ছেদ এবং পুনঃখননের মাধ্যমে নদীর নাব্যতা ফিরিয়ে আনার দাবি জানানো হয়।

এ সময় বক্তব্য রাখেন পিএফজি কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পিএফজি অ্যাম্বাসেডর একেএম আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামাল হোসেন সরকার, জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ ইউসুফ লিটন, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি হামিদ, সুজন সম্পাদক নীলকণ্ঠ আইচ মজুমদার, সাবেক পৌর কাউন্সিলর মমতাজ বেগম, পিএফজি সদস্য হাবিবুর রহমান হাবিব, হাবিবুর রহমান শাহীন ও আব্দুল্লাহ আল নোমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় সচেতন মহলের মতে, কাঁচামাটিয়া নদী রক্ষা ঈশ্বরগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। পিএফজি’র এ উদ্যোগ নদী রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনের দ্রুত পদক্ষেপ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন