ঢাকা | বঙ্গাব্দ

কালাই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য সচিব, অনিয়মে কঠোর হুঁশিয়ারি

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2026 ইং
কালাই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য সচিব, অনিয়মে কঠোর হুঁশিয়ারি ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার

স্বাস্থ্যসেবায় কোনো ধরনের অবহেলা, অনিয়ম কিংবা রোগীদের খাবারের মান নিয়ে নয়-ছয় কোনোভাবেই সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী। তিনি বলেন, জনগণের জন্য সহজলভ্য, উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার। এ লক্ষ্য বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকতা, সততা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
শুক্রবার (১৯ জুন) দুপুরে জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে স্বাস্থ্য সচিব হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, বিভিন্ন ওয়ার্ড ও অন্যান্য সেবা কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবা, ওষুধপ্রাপ্তি ও হাসপাতালের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
পরে হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় স্বাস্থ্য সচিব বলেন, দেশের প্রতিটি মানুষ যাতে দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা পায়, সে লক্ষ্যে সরকার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তর দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যায়ক্রমে পরিদর্শন করবে এবং সেবার মান নিয়মিত মূল্যায়ন করবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। জেলা ও উপজেলা হাসপাতালগুলোর অবকাঠামো উন্নয়ন, শয্যা সংখ্যা বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, চিকিৎসক ও জনবল নিয়োগ এবং সেবার মান উন্নয়নে ধারাবাহিক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তবে সরকারি হাসপাতালের প্রতি জনগণের আস্থা আরও বাড়াতে হলে রোগীবান্ধব, জবাবদিহিমূলক ও মানসম্মত সেবা নিশ্চিত করার বিকল্প নেই।
সভায় উপস্থিত ছিলেন জয়পুরহাটের সিভিল সার্জন মো. আল মামুন, জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাহমিদা আক্তার লিনা, ডা. নাহিদ নাজনীন ডেইজী, ডা. আহসান হাবীবসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর