এস এম পারভেজ তালুকদার, গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুর উপজেলার ৩নং খুবজীপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে। ঈদকে সামনে রেখে সরকারের খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় এ চাউল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
সোমবার (১৮ মে) সকাল ১০টায় খুবজীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। চাউল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন খুবজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম দোলন।
এ সময় উপস্থিত ছিলেন খুবজীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম। এছাড়াও ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চাউল বিতরণ অনুষ্ঠানে চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম দোলন বলেন, “পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সরকারের পক্ষ থেকে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য এই খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। যাতে করে অসহায় পরিবারগুলোও আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে, সে লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”
তিনি আরও বলেন, “খুবজীপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সুষ্ঠু ও স্বচ্ছভাবে চাউল বিতরণ করা হচ্ছে। কোনো অনিয়ম ছাড়াই প্রকৃত সুবিধাভোগীদের হাতে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।”
জানা গেছে, ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ১ হাজার ৫২৯ জন হতদরিদ্র মানুষের মাঝে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফের চাউল বিতরণ করা হয়। চাউল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান।
দৈনিক চেতনার কন্ঠ