ঢাকা | বঙ্গাব্দ

তানোরে তুলার গুদামে ভয়াবহ আগুন, মুহূর্তেই পুড়ে ছাই

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 9, 2026 ইং
তানোরে তুলার গুদামে ভয়াবহ আগুন, মুহূর্তেই পুড়ে ছাই ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728

আরিফুল ইসলাম (আরিফ), 
তানোর (রাজশাহী) প্রতিনিধি :

রাজশাহীর তানোর পৌর এলাকায় একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে গুদামে মজুত থাকা বিপুল পরিমাণ তুলা ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার (সকাল ১১টার দিকে) পৌর সদরের জিওল মোড় এলাকায় অবস্থিত গণির চাতালের ভেতরে গড়ে তোলা একটি তুলার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে গুদামের অধিকাংশ মালামাল আগুনে পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই গুদামের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন দাউদাউ করে জ্বলে ওঠে। আগুনের লেলিহান শিখা দেখে সেখানে কর্মরত শ্রমিকরা চিৎকার করে আশপাশের লোকজনকে সতর্ক করেন। পরে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
স্থানীয়দের ধারণা, গুদামে ব্যবহৃত কোনো মেশিন থেকে কিংবা অসাবধানতাবশত সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে সঠিক কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, জিওল মোড়ের উত্তরে অবস্থিত ওই চাতালটি দীর্ঘদিন ধরে ধান শুকানো ও সংরক্ষণের কাজে ব্যবহৃত হয়ে আসছিল। এলাকাবাসীর কাছে এটি “গণির চাতাল” নামে পরিচিত। তবে সম্প্রতি চাতালের ভেতরে গোপনে তুলার গুদাম স্থাপন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। অনেকেই আগে বিষয়টি জানতেন না বলেও জানান।
এদিকে পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের অনুমতি ছাড়াই সেখানে তুলার গুদাম পরিচালনা করা হচ্ছিল কি না—এ নিয়েও এলাকায় নানা প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, যদি এটি সত্যি হয়ে থাকে তবে বিষয়টি তদন্ত করা প্রয়োজন।
গুদামের মালিক আব্দুল গণির সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার মোবাইলে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
সরেজমিনে দেখা যায়, চাতালটির পূর্ব পাশে প্রধান সড়ক, দক্ষিণ দিকে আমশো মুন্নাপাড়া যাওয়ার রাস্তা এবং উত্তরে বাঁশঝাড় ও একটি স্যানিটেশন কারখানা রয়েছে।
তানোর ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গুদামের ভেতরে থাকা মেশিন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি, পরে তা জানানো হবে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে গুদামের মেশিন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন