মাটি ও মানুষের প্রয়োজনে ঐক্যবদ্ধ হলে সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠে শক্তিশালী প্রতিবাদ–এরই বাস্তব প্রতিচ্ছবি দেখা গেছে সিলেটের বালাগঞ্জ উপজেলার ৬ নং পূর্ব গৌরীপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে। দীর্ঘদিনের অবহেলিত রাস্তা নির্মাণ এবং কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙন থেকে জনপদ রক্ষার দাবিতে আয়োজিত মানববন্ধন যেন এলাকাবাসীর জমে থাকা বেদনা ও ক্ষোভের জোরালো প্রকাশ হয়ে উঠেছে।
এই ন্যায়সংগত দাবির প্রতি সংহতি জানাতে মানববন্ধনে অংশ নেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উপস্থিত ছিলেন ৬ নং পূর্ব গৌরীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান। এছাড়া সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সমাজসেবক ও সাংবাদিক আশরাফুল আহমদও উপস্থিত থেকে আন্দোলনের প্রতি সমর্থন জানান।
মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা যুব সোসাইটি'র চেয়ারম্যান এবং বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মো. তোফায়েল আহমেদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “রাস্তা ও নদী ভাঙন রোধ কোনো বিলাসিতা নয়, এটি মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকার।” বক্তারা আরও উল্লেখ করেন, কুশিয়ারা নদীর ভাঙনে প্রতি বছর বসতভিটা ও ফসলি জমি বিলীন হচ্ছে, যা এলাকার মানুষের জীবনে চরম অনিশ্চয়তা তৈরি করছে।
স্থানীয়দের অভিযোগ, একটি টেকসই সড়কের অভাবে অসুস্থ রোগী ও শিক্ষার্থীদের চলাচলে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে। অন্যদিকে নদী ভাঙনের কারণে দিন দিন সংকুচিত হচ্ছে গ্রাম। প্রবীণদের অভিজ্ঞতা আর তরুণদের প্রতিবাদী চেতনার সমন্বয়ে মানববন্ধনটি রূপ নেয় গণমানুষের শক্তিশালী দাবিতে।
মানববন্ধনে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। প্রবীণ থেকে তরুণ–সবার কণ্ঠে ছিল একই দাবি, “এখনই ব্যবস্থা নিন।” এলাকাবাসীর প্রত্যাশা, এই শান্তিপূর্ণ প্রতিবাদের বার্তা প্রশাসনের উচ্চপর্যায় পর্যন্ত পৌঁছাবে এবং দ্রুত রাস্তা নির্মাণ ও স্থায়ী নদী রক্ষা বাঁধের মাধ্যমে কান্দিগাঁও গ্রামকে রক্ষা করা হবে।
দৈচক/রাফিও
দৈনিক চেতনার কন্ঠ