সোহেল রানা, স্টাফ রিপোর্টার :
রাজশাহী মহানগরীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাদকবিরোধী বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ কোডিন ফসফেটযুক্ত ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান এবং একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি হলেন রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের (পুলিশ বক্সের পেছনে) মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. রহিদুল ইসলাম ওরফে জুয়েল হক (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৪ মার্চ ২০২৬) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে দামকুড়া থানা পুলিশের একটি টিম মহানগরীর আলীমগঞ্জ এলাকার জবির মোড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অবস্থান নিয়ে তল্লাশি অভিযান শুরু করে। এ সময় সন্দেহজনকভাবে একটি পিকআপ ভ্যানসহ অবস্থানরত জুয়েল হককে আটক করা হয়।
পরে তার কাছ থেকে তল্লাশি চালিয়ে ২০০ বোতল কোডিন ফসফেটযুক্ত ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিরাপগুলো অবৈধভাবে বিক্রয় ও পরিবহনের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
একই সঙ্গে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান এবং আসামির ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত জুয়েল হক দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।
এ ঘটনায় তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
দামকুড়া থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে রাজশাহী মহানগরীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও মাদক পরিবহনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে সোপর্দসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক চেতনার কন্ঠ