মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন: রাজধানীর উত্তরায় উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন (SNMC)” এর সাধারণ সভা, আলোচনা সভা এবং ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা অনুষ্ঠান। শুক্রবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হওয়া এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক নেতা এবং সংগঠনের সদস্যদের সরব উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।
সকালে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচির সূচনা হয়। সেখানে সাংবাদিক সমাজের পেশাগত চ্যালেঞ্জ, সাংগঠনিক ভবিষ্যৎ পরিকল্পনা এবং গণমাধ্যমের বর্তমান বাস্তবতা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। জুমার নামাজ শেষে অতিথিদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। পরে উত্তরার নূর ক্যাফে এন্ড রেস্টুরেন্টে মূল সাধারণ সভা ও আলোচনা পর্ব শুরু হয়।
দুপুর ২টায় শুরু হওয়া সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা শামসুল হক ৪১ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। সর্বসম্মতিক্রমে এ কে এম আজিজুল হক সভাপতি এবং মোঃ কালিমুল্লাহ ইকবাল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়াও কামাল খান সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব লাভ করেন। নতুন নেতৃত্ব ঘোষণার পর উপস্থিত সদস্যদের মাঝে উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
প্রধান অতিথির বক্তব্যে শামসুল হক বলেন, “দেশ ও জাতির কল্যাণে সত্য, সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই। সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে সমাজের অন্যায়, দুর্নীতি ও অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।” বক্তারা সাংবাদিকতার নৈতিকতা, পেশাগত মর্যাদা রক্ষা এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ রোমান শেখ, আব্দুল ওহাব রিংকু, বিদায়ী সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরী, মোসলেহ উদ্দিন বাচ্চু, কবি ও লেখক আবুল খায়ের, ইসমাইল হোসেন, অ্যাডভোকেট মানিক, এইচ এম মাহফুজুলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংগঠনকে আরও আধুনিক, শক্তিশালী ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।
দৈনিক চেতনার কন্ঠ