মোছাঃ জোসনা খাতুন, কচাকাটা প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার গুরুত্বপূর্ণ কচাকাটা–নাগেশ্বরী (কালীগঞ্জগামী) সংযোগ সড়কের অবস্থা বর্তমানে অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় এলাকাবাসী চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।
এই সড়ক দিয়ে প্রতিদিন নাগেশ্বরী উপজেলা ও কুড়িগ্রাম জেলায় যাতায়াত করেন হাজারো মানুষ। কিন্তু রাস্তাটির বেহাল অবস্থার কারণে চলাচল করা এখন অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টি হলেই কাঁচা সড়কটি কর্দমাক্ত হয়ে পড়ে, ফলে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায় এবং পথচারীদেরও ভোগান্তি পোহাতে হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি এলাকার অন্যতম প্রধান যোগাযোগ মাধ্যম হলেও বছরের পর বছর ধরে এটি অবহেলিত অবস্থায় পড়ে আছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী, কৃষকসহ সাধারণ মানুষ প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে নানা দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে জরুরি রোগী হাসপাতালে নেওয়ার সময় চরম ঝুঁকির সৃষ্টি হচ্ছে।
এলাকাবাসী দ্রুত সড়কটির টেকসই সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, সড়কটি দ্রুত সংস্কার করা হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।
দৈনিক চেতনার কন্ঠ