সোহেল রানা,স্টাফ রিপোর্টার : জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীর তানোরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ জুন) বেলা ১০টায় উপজেলার আকচা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করে এসকেএস ফাউন্ডেশন। প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী।
তিনি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, "জলবায়ু পরিবর্তন বর্তমানে বিশ্বের
অন্যতম বড় চ্যালেঞ্জ। পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশ সংরক্ষণের শিক্ষা গ্রহণ করতে হবে এবং প্রত্যেকের অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেওয়া উচিত।"
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. আরাফাত ইসলাম। তিনি বলেন, দেশের উত্তর-পশ্চিমাঞ্চল, বিশেষ করে খরা-প্রবণ এলাকাগুলো জলবায়ু পরিবর্তনের কারণে নানা ধরনের পরিবেশগত ঝুঁকির মুখোমুখি হচ্ছে। এসব বুঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণ অন্যতম কার্যকর উদ্যোগ। পরিবেশবান্ধব ও জলবায়ু সহনশীল সমাজ গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের মাধ্যমে
এলাকার জনগণের জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় জনসম্পৃক্ততা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়, যাতে তারা নিজ নিজ বাড়িতে গাছ লাগিয়ে পরিচর্যা করতে পারে। আলোচকরা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানো, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পরিবেশ সুরক্ষাকে সামাজিক আন্দোলনে পরিণত করতে বৃক্ষরোপণ কর্মসূচি আরও বিস্তৃত করা প্রয়োজন।
কর্মসূচি শেষে গাছের চারা বিতরণের পাশাপাশি অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
দৈনিক চেতনার কন্ঠ