নূর মোহাম্মদ, পলাশ (নরসিংদী):
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে নিখোঁজের তিন দিন পর ইব্রাহিম খান (২৭) নামে এক মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের ভাগদী এলাকায় একটি কালভার্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইব্রাহিম খান নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের নেহাব গ্রামের শহিদ খানের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত তিন দিন আগে রাতে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান ইব্রাহিম। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। আজ দুপুরে স্বজনরা ঘোড়াশালের ভাগদী সড়ক দিয়ে যাওয়ার সময় পচা দুর্গন্ধ পেয়ে সন্দেহবশত আশেপাশে খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে সড়কের পাশের একটি কালভার্টের নিচে ইব্রাহিমের মরদেহ পড়ে থাকতে দেখে তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, ঘাতকরা তাঁকে হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে কালভার্টের নিচে ফেলে গেছে। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
,
দৈনিক চেতনার কন্ঠ