নূর মোহাম্মদ, পলাশ (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর পলাশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার এবং প্রতারণা ও জালিয়াতি মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসউদুল ইসলাম রানা (৪৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রানা ‘দূরন্ত পলাশ গ্রুপ’ নামক ফেসবুক আইডির প্রধান এডমিন হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাসউদুল ইসলাম রানা পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বাগপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি একটি প্রতারণা ও জালিয়াতির মামলায় আদালত কর্তৃক এক বছরের সাজা এবং অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি ছিল।
আদালতের সাজা ছাড়াও রানার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সামাজিক ও সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার চালানোর অভিযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, ‘দূরন্ত পলাশ’ আইডি ও এর এডমিনের বিরুদ্ধে এসব অপপ্রচারের ঘটনায় স্থানীয় থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা এলাকা থেকে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। আজ শুক্রবার (৯ মে) তাঁকে নরসিংদী আদালতে সোপর্দ করা হবে।
,,
দৈনিক চেতনার কন্ঠ