মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন
ধর্ষণের ঘটনার প্রতিবাদে ময়মনসিংহ শহরের গাঙ্গিনাপাড় এলাকায় এক যুবককে একাই প্রতিবাদ করতে দেখা গেছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শহরের ব্যস্ত মোড়ে হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাকার্ডের দুই পাশে লেখা ছিল– “আপনারা কি এখনও আপনার পরিবারের কারও ধর্ষণের অপেক্ষা করছেন?” এবং “গত কয়েক মাসে ৩০০+ ধর্ষণ ও ০ শাস্তি।” এমন বার্তাবাহী প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকা ওই যুবকের প্রতিবাদ পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, ওই যুবকের নাম ইমরান আহম্মেদ। তিনি ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী।
জানা যায়, ইমরান দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন অসঙ্গতি, পরিবেশ ও জলবায়ু ইস্যু নিয়ে কাজ করে আসছেন। ধর্ষণের মতো গুরুতর সামাজিক সমস্যায় সবাই যখন নীরব, তখন সচেতনতা তৈরির উদ্দেশ্যে একাই এই প্রতিবাদে দাঁড়ান তিনি।
স্থানীয়রা জানান, একা দাঁড়িয়ে এভাবে প্রতিবাদ জানানো অনেকের মধ্যেই সচেতনতা তৈরি করেছে এবং বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ইমরান বলেন, “ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। নীরবতা এই অপরাধকে আরও বাড়িয়ে দেয়। সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তার এই একক প্রতিবাদ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে সাহসী উদ্যোগ হিসেবে প্রশংসা করছেন।
দৈনিক চেতনার কন্ঠ