শাহরিয়ার খান নাফিজ, হবিগঞ্জ প্রতিনিধি :
মোবাইলঃ01742-341281
ইরানসহ বিভিন্ন দেশে মার্কিন-ইসরায়েল সামরিক হামলার প্রতিবাদে এবং সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পাদিত বাংলাদেশের স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, হবিগঞ্জ জেলা শাখা।
মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) বিকেল ৩টায় শহরের আরডি হল প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বাসদের আহ্বায়ক নুরুজ্জামান তরফদার এবং পরিচালনা করেন সদস্য সচিব শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন নুরুল হুদা চৌধুরী শিবলী, ছাত্র ফ্রন্ট নেতা অনিন্দ্য হাসান চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিশ্বব্যাপী তেল-গ্যাস ও খনিজ সম্পদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে আগ্রাসী নীতি অনুসরণ করছে। মধ্যপ্রাচ্যে সংঘাত জিইয়ে রেখে তারা অস্ত্র ব্যবসা সম্প্রসারণ করছে, যা বিশ্বকে অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে।
এসময় নেতারা আরও দাবি করেন, সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত যেসব চুক্তি দেশের অর্থনীতি ও সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে, সেগুলো বাতিল করতে হবে। পাশাপাশি চট্টগ্রাম ও মংলা বন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশিদের কাছে ইজারা না দেওয়ার আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
দৈনিক চেতনার কন্ঠ