মোহাম্মদ গোলাম কিবরিয়া:স্টাপ রিপোর্টার।
লক্ষ্মীপুর সদর উপজেলার ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের অন্তর্গত ৯ নং ওয়ার্ডে টিসিবি ও ন্যায্যমূল্যের কার্ডধারীদের মাঝে পণ্য বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ৩ ঘটিকায় গনিপুর গ্রামের ‘প্রচলিত ঠাকুরের দোকান’ নামক স্থানে এ কার্যক্রম পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ১০০০ টাকার বিনিময়ে কার্ডধারীদের মাঝে পণ্য সরবরাহ করা হয়। তবে এ পণ্যের প্রকৃত বাজারমূল্য ও ভর্তুকির পরিমাণ সম্পর্কে সুস্পষ্ট তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন এলাকাবাসী। কয়েকজন উপকারভোগীর সাথে কথা বলে জানা যায়, তারা ধারণা করছেন ১০০০ টাকার বিপরীতে প্রায় ১৩৫০ টাকার পণ্য সরবরাহ করা হচ্ছে। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো মানদণ্ড বা লিখিত ব্যাখ্যা এখনো স্পষ্টভাবে তুলে ধরা হয়নি।
এ কার্যক্রমে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ডের সেক্রেটারি মোঃ রাসেল এবং ৭ নং ওয়ার্ডের সভানেত্রী মারজাহান আক্তার সাথী। তাঁদের তদারকিতে পণ্য বিতরণ প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবং উপকারভোগীরা শান্তিপূর্ণভাবে পণ্য গ্রহণ করে নিজ নিজ গন্তব্যে ফিরে যান।
স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় তারা সন্তুষ্ট এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
পাশাপাশি, কার্যক্রমকে আরও স্বচ্ছ ও প্রচারযোগ্য করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান এলাকাবাসী।
দৈনিক চেতনার কন্ঠ