মোঃ বদরুজ্জামান বিপ্লব
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতারী আশ্রয়ন প্রকল্পে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী অবস্থায় থাকা রাবেয়া বেগমের খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার নেতৃবৃন্দ। মানবিক দায়িত্ববোধ থেকে তার পরিবারের হাতে আর্থিক সহায়তাও তুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে জামায়াতের নেতৃবৃন্দ রাবেয়া বেগমের বাসভবনে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।
জানা যায়, বালাতারী আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা মো. ইয়াকুব আলীর স্ত্রী রাবেয়া বেগম দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতার কারণে তিনি শয্যাশায়ী হয়ে পড়েছেন। পরিবারের সীমিত আর্থিক সামর্থ্যের কারণে তার চিকিৎসা ও দৈনন্দিন জীবনযাপন ব্যাহত হচ্ছে। বিষয়টি জানতে পেরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার নেতৃবৃন্দ মানবিক সহমর্মিতার অংশ হিসেবে তার বাড়িতে উপস্থিত হন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা আমির ও ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল মালেক, ফুলবাড়ী সদর ইউনিয়ন আমির মাওলানা সাইদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি মো. রোকনুজ্জামান রতনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।
নেতৃবৃন্দ রাবেয়া বেগমের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার কাছে রোগমুক্তির জন্য দোয়া করেন। একই সঙ্গে তারা অসহায়, দুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পরে রাবেয়া বেগমের পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
সহায়তা পেয়ে রাবেয়া বেগম ও তার পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারাও এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
উপস্থিত ব্যক্তিরা আশাবাদ ব্যক্ত করেন, মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার এমন উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে এবং অসহায় মানুষের প্রতি সহযোগিতার মনোভাব আরও সম্প্রসারিত।
দৈনিক চেতনার কন্ঠ