ঢাকা | বঙ্গাব্দ

ফুলবাড়ীতে কথিত বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ কর্তন ও আত্মসাতের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 2, 2026 ইং
ফুলবাড়ীতে কথিত বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ কর্তন ও আত্মসাতের অভিযোগ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃবদরুজ্জামান বিপ্লব কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খড়িবাড়ী হাট বাজারে একটি সরকারি গাছ কর্তন করে আত্মসাতের অভিযোগ উঠেছে হাটের ইজারাদারপক্ষের সঙ্গে যুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে, যিনি নিজেকে বিএনপি নেতা হিসেবে পরিচয় দেন। এ ঘটনায় বাজারের ব্যবসায়ী, স্থানীয় দোকানদার ও সুধীজনরা দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।
সরেজমিনে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি ভোররাতে খড়িবাড়ী হাট বাজার পরিচালনায় যুক্ত কথিত বিএনপি নেতা মোশারফ হোসেন দুলাল তার সহযোগীদের নিয়ে বাজারের পূর্ব পাশে তাহের প্লাজা (মাংসের হাট সংলগ্ন) টয়লেটের পাশে অবস্থিত প্রায় ৪০-৫০ বছরের পুরনো একটি বৃহৎ আকৃতির সরকারি কড়াই গাছ কর্তন করেন। অভিযোগ রয়েছে, গাছটি আত্মসাতের উদ্দেশ্যে অজ্ঞাত স্থানে সরিয়ে রাখা হয় এবং গাছের গোড়ায় মাটি ও বালু দিয়ে ভরাট করে রাখা হয় যাতে বিষয়টি আড়াল থাকে।
স্থানীয় সূত্রে জানা যায়, নওদাবস গ্রামের মৃত সামসুল হক সরকারের ছেলে মোশারফ হোসেন দুলাল চলতি বছরে খড়িবাড়ী হাট বাজারের ইজারাদার মোহাম্মদ আলী ক্লে’র সঙ্গে যৌথভাবে হাট পরিচালনা করছেন। অভিযোগকারীদের দাবি, ইজারাদারপক্ষের প্রভাব খাটিয়ে তিনি নিয়ম-নীতির তোয়াক্কা না করে সরকারি গাছটি কর্তন করেন। গাছটির আনুমানিক মূল্য প্রায় ৮০ হাজার টাকা বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে মোশারফ হোসেন দুলালের সঙ্গে কথা বললে তিনি সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তিনি দাবি করেন, বাজারের নির্মাণ কাজের সুবিধার্থে গাছটি কাটা হয়েছে এবং বর্তমানে গাছটি তার হেফাজতে রয়েছে। পরবর্তীতে উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। তবে গাছ কর্তনের আগে উপজেলা বা জেলা প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছিল কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রয়োজন মনে করিনি, তাই জানাইনি।” গাছটি কোথায় রাখা হয়েছে জানতে চাইলে তিনি নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। তবে গাছ কর্তনের বিষয়টি তিনি স্বীকার করেন।
খড়িবাড়ী বাজার বণিক সমিতির পক্ষ থেকে আ. লতিফ বলেন, “মোশারফ হোসেন দুলাল রাজনৈতিক ও স্থানীয় প্রভাব খাটিয়ে বাজার পরিচালনার সময় বিভিন্ন অনিয়ম করছেন। সরকারি কড়াই গাছ কর্তনের ঘটনাটি গুরুতর। গাছটি কোথায় রাখা হয়েছে তা কেউ জানে না।” তিনি জানান, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, হাটের ইজারাদার মোহাম্মদ আলী ক্লে’র সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “গাছ কর্তনের বিষয়ে আমি কিছু জানি না। মোশারফ হোসেন দুলাল বাজার দেখাশোনা করেন। খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত বলতে পারবো।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আক্তার অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে জানান, “খড়িবাড়ী বাজারের গাছ কর্তনের অভিযোগ প্রাথমিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে সরকারি সম্পদ রক্ষায় প্রশাসন কার্যকর ভূমিকা রাখবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না