জুনাঈদ আল হাবিব
স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা-এ মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহির শাহরিয়ার (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) দুপুর আনুমানিক ১২টার দিকে
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চরহোসেনপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন মাহির। কিছুক্ষণ পর চরহোসেনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে তিনি গুরুতর আহত হয়ে সড়কের পাশে ছিটকে পড়েন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহিরকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী শেখ তোফায়েল আহমেদ রিয়াদ বলেন,
“আমি ঈশ্বরগঞ্জ থেকে বাড়ির দিকে যাচ্ছিলাম। হঠাৎ দেখি মাহিরের মোটরসাইকেল আমাকে ওভারটেক করে কিছু দূর এগিয়ে যায়। এরপর বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। মাহির মোটরসাইকেলসহ ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। জীবনে চোখের সামনে এমন ভয়াবহ দুর্ঘটনা প্রথম দেখলাম। আল্লাহ মাহিরকে জান্নাতবাসী করুন।”
নিহতের নানি হেলেনা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার নাতি ঘুম থাইক্যা উঠে বাইরে বের হইছে। আমি নাতির লাগি রুটি-মাংস রান্না কইরা রাখছি। বাইরে থেকে আইয়া খাইবো। ও মাহির, তোর রুটি-মাংস এহন কে খাইবো?”—এ কথা বলতে বলতে তিনি বারবার মূর্ছা যান।
একমাত্র ছেলেকে হারিয়ে মা মুক্তা আক্তার বারবার অচেতন হয়ে পড়ছেন। শোকে মুহ্যমান হয়ে পড়েছেন বাবা আব্দুল কাইয়ুম রেণু ও বোন লাইভাও।
পরিবার সূত্রে জানা যায়, মাহির ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া এলাকার কালীবাড়ি রোডে পরিবারের সঙ্গে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি নান্দাইল উপজেলা-র মুসল্লি এলাকায়। তার বাবা আব্দুল কাইয়ুম রেণু স্থানীয় বাজারে মুদি ব্যবসার সঙ্গে জড়িত। শনিবার সকালে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হওয়া মাহির আর জীবিত অবস্থায় বাড়ি ফিরতে পারেননি।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াজেদ আলী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
মাহিরের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক চেতনার কন্ঠ